আন্তর্জাতিক অপরাধ আদালতকে অকার্যকর করার হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আদালতটিকে অকার্যকর করে দেওয়ার অঙ্গীকার করেছে তাঁর প্রশাসন।
ট্রাম্পের দাবি, চীন এই প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ আদালতের ‘অপব্যবহার ও সীমা লঙ্ঘনের’ নিন্দা জানাতে সম্মত হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পথে আইসিসির ভূমিকার কঠোর সমালোচনা করেন ট্রাম্প।
তিনি বলেন, আইসিসি মনে করে, তারা যেকোনো দেশে প্রবেশ করে রাষ্ট্রপ্রধানদের গ্রেপ্তার করতে পারে। অথচ এমন পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের নেই। কোনো কারণ ছাড়াই তারা এ ধরনের পদক্ষেপ নিতে পারে। তাই আমরা সম্মিলিতভাবে এর নিন্দা জানিয়েছি।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অকার্যকর করে দেওয়ার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। গত মাসেও আদালতটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গাজায় সংঘটিত গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই আইসিসির ওপর ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন